জাতীয় সংবাদ

কাওরান বাজারে মানববন্ধন চলাকালে হামলা সেনাবাহিনী মোতায়েন

প্রবাহ রিপোর্ট : চাঁদাবাজি বন্ধের দাবিতে রাজধানীর কাওরান বাজারে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে কাওরান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেখানে অবস্থান নেয় সেনাবাহিনী। জানা গেছে, মানববন্ধন চলাকালে এই হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেছেন। এ ঘটনায় দুর্বৃত্তদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ব্যবসায়ীরা জানান, আজ পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করেছে। তারা প্রতি মাসে মাসোহারা পায় বলেই এমন হামলার পরেও তারা চুপ থাকে। কাওরান বাজারের এক ব্যবসায়ী বলেন, আমরা চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম কিন্তু হঠাৎ আমাদের ওপর হামলা করা হয়। পাশেই পুলিশের সদস্য ছিল তবুও কীভাবে তারা এই হামলা করতে পারে আমরা জানতে চাই। এ ঘটনার পর আমরা ঐক্যবদ্ধভাবে এ হামলাকারীদের প্রতিহত করছি। এই এলাকার আরও কয়েকজন ব্যবসায়ী জানান, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের বাহিনী আমাদের ওপর হামলা করেছে। আমাদের শান্তিপূর্ণ অবস্থান তারা উত্তপ্ত করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। এজাহার দিলে এ বিষয়ে মামলা হবে। এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না। এদিকে ঘটনার পরপরই এলাকায় সেনাবাহিনী অবস্থান নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button