জাতীয় সংবাদ

মেডিকেল ভিসায় ‘ট্রাভেল এজেন্সি গ্যারান্টি লেটার’ বাধ্যতামূলক করেছে চীন

প্রবাহ নিরপোর্টঃ ট্রাভেল এজেন্সির গাফিলতির কারণে চীনের মেডিকেল ভিসার আবেদন বাতিল হচ্ছে। সেজন্য ‘ট্রাভেল এজেন্সি গ্যারান্টি লেটার’ বাধ্যতামূলক করা হয়েছে। এই গ্যারান্টি লেটার ছাড়া অনলাইন আবেদন গ্রহণ করবে না চীনা দূতাবাস। সোমবার (২৯ ডিসেম্বর) চিকিৎসা ভিসার আবেদন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ নোটিশে এ তথ্য জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু ট্রাভেল এজেন্সির গাফিলতি বা ভুলের কারণে অনলাইন আবেদন ফরমের নির্দিষ্ট অংশ সঠিকভাবে পূরণ না হওয়া, পাশাপাশি জাল আবেদন জমা দেওয়ার ফলে কিছু চিকিৎসা ভিসার আবেদন ফেরত দেওয়া হয়েছে। এতে আবেদনকারীরা আর্থিকসহ বিভিন্ন ধরনের ক্ষতির মুখে পড়েছেন।আবেদনকারীদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখতে এবং অনিয়ম দ্রুত শনাক্ত ও শাস্তির আওতায় আনতে অনলাইন আবেদন ফরম হালনাগাদ করা হয়েছে। এখন থেকে ‘ট্রাভেল এজেন্সি গ্যারান্টি লেটার’ বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনীয় গ্যারান্টি লেটার ছাড়া অনলাইন আবেদন গ্রহণ করা হবে না এবং তা ফেরত দেওয়া হবে।এতে আরও বলা হয়েছে, আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে, তাদের আবেদনের দায়িত্বপ্রাপ্ত ট্রাভেল এজেন্সির কার্যক্রম তদারকি করতে এবং নির্ধারিত সব নথি সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে জমা দেওয়া নিশ্চিত করতে, যাতে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব না হয়।নির্ধারিত সময়ের মধ্যে ভিসা না পেলে আবেদনকারীদের দ্রুত সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে আবেদনকারীদের সতর্ক করা হচ্ছে— ট্রাভেল এজেন্সি বা অন্য কারও বিভ্রান্তিকর বা মিথ্যা বক্তব্যে প্রভাবিত না হতে, যেমন ভিসা প্রক্রিয়াকে অতিরঞ্জিতভাবে জটিল দেখানো বা অযৌক্তিকভাবে ভিসা ফি বাড়িয়ে বলা।
কোনো ট্রাভেল এজেন্সি যদি প্রয়োজনীয় তথ্য বাদ দেয়, ভুল তথ্য প্রদান করে, জাল আমন্ত্রণপত্র জমা দেয় অথবা সময়মতো অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন না করে আবেদনকারীদের অধিকার ও স্বার্থ ক্ষুণ্ন করে ভিসা প্রদানে বিলম্ব ঘটায়, তাহলে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে জমা দেওয়া আবেদন সামগ্রী গ্রহণ সাময়িক বা স্থায়ীভাবে স্থগিত করার অধিকার দূতাবাস সংরক্ষণ করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button