স্থানীয় সংবাদ

যশোরে ককটেল, পেট্রোল বোমা ও ধারালো অস্ত্রসহ আটক যুবদল নেতা একদিনের রিমান্ডে

যশোর ব্যুরো ঃ যশোরে ককটেল,পেট্রোল বোমা ও ধারালো অস্ত্রসহ আটক যুবদল নেতা মাসুদ আল রানার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দেন। রানা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রানার বাড়িতে অভিযান চালায়। অভিযানে রানাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার রান্নাঘরের পেছনের অংশ থেকে ৭টি ককটেল, কাঁচের বোতলে তৈরি ৩টি পেট্রোল বোমা, একটি ছোরা এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খান বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শুভ কুমার রায় আসামি মাসুদ আল রানার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button