স্থানীয় সংবাদ

মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা : আপসহীন দেশনেত্রী প্রয়াত রাষ্ট্রনেতা তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ জুম্মা মোল্লাহাট উপজেলার গোডাউন মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ । সভাপতি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশের মানুষের নিরাপত্তা কামনা করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অমলিন অধ্যায়। আমাদের কাজ তাঁকে স্মরণ করা এবং তাঁর আদর্শকে বুকে ধারণ করা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আব্দুল আলিম শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার শিমুল চৌধুরী, উপজেলা বিএনপি নেতা তাওহীদুল ইসলাম, যুবদলের সদস্য সচিব লায়ন জিয়াসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও বুধবার একদিনের সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে এ দিবসটিতে রাষ্ট্রীয় শোক পালনের আহ্বান জানানো হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button