স্থানীয় সংবাদ

বেগম খালেদা জিয়া প্রেরণায় চির অম্লান হয়ে থাকবেন

# শোক বিবৃতিতে খুলনা বিএনপি নেতৃবৃন্দ #

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায় আজ নিভে গেছে উল্লেখ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক বার্তায় এ কথা বলেছেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক অদম্য প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তাঁর নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো আপস করেননি-এটাই তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়। খুলনা বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার কণ্ঠস্বর এবং গণতান্ত্রিক বাংলাদেশের এক সাহসী পথপ্রদর্শক। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, দেশবাসী ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা আরো বলেন, মহীয়সী নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণায় চির অম্লান হয়ে থাকবেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী প্রমূখ। খুলনা মহানগর বিএনপির কর্মসূচি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে শোক কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মহানগর বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। একই সঙ্গে খুলনা মহানগরের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়গুলোতে কোরআনখানি অনুষ্ঠিত হয়। দুপুরে কেডি ঘোষ রোডস্থ খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। এছাড়া দলের পক্ষ থেকে মহানগর কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। আগামী ৭দিন একইভাবে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ সময় মহানগর বিএনপির সভাপতি এড শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button