স্থানীয় সংবাদ

সাংবাদিক রাজুকে হেনস্তা ও সংবাদ সংগ্রহে বাধার ঘটনায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাত্তর টেলিভিশনের খুলনা প্রতিনিধি রাজু হাওলাদার ও ক্যামেরাপার্সন সোহেল আহমেদকে বাধা প্রদান, লাঞ্ছিত করা, আটকে রাখা এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি। গত বুধবার ( ৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির মধ্যেও ওয়াসা ভবনে দাপ্তরিক কার্যক্রম চলার খবর পেয়ে বিষয়টি জানতে সেখানে যান রাজু হাওলাদার ও তার ক্যামেরাপার্সন। সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে তাদের সঙ্গে এ অগ্রহণযোগ্য আচরণ করা হয়। সংগঠনের সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, একজন সাংবাদিককে দায়িত্ব পালনের সময় এভাবে হেনস্তা, লাঞ্ছিত ও আটকে রাখা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এটি ভয় দেখিয়ে সত্য গোপন করার অপচেষ্টা। নেতৃবৃন্দ মনে করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ বা প্রশ্রয় ছাড়া সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনা ঘটতে পারে না। তাই এই ঘটনার দায় শুধু প্রত্যক্ষ অভিযুক্তদের নয়, সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদেরও নিতে হবে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button