জাতীয় সংবাদ

পাট বীজের সংকট হবে না, মজুতদারিতে ‘জিরো টলারেন্স’: উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

প্রবাহ রিপোর্ট : চলতি মৌসুমে মানসম্মত পাটবীজের সংকট দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে বীজের সংকট হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি তথ্য জানান। পাট রপ্তানিকারকরা উপদেষ্টাকে জানান, কাঁচা পাট রপ্তানি হওয়ার কারণে বাজারকে অস্থিতিশীল করতে অবৈধভাবে অনেকেই মজুতদারি শুরু করেছে। ফলে প্রতিনিয়ত পাটের দাম বেড়েই চলেছে। এতে কৃষক উপকৃত হচ্ছে না বরং এটিতে মজুতদারেরা লাভবান হচ্ছে, তারা পাটের বাজারে বিশৃঙ্খলা তৈরি করছে। অবৈধ মজুতদারি রোধ না করলে প্রকৃত পাট চাষি ও পাট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত সবাই ক্ষতিগ্রস্ত হবে। সর্বপরি অর্থনৈতিক দৃষ্টিকোন থেকে দেশের ক্ষতি হবে। নেতারা এসময় মজুতদারি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান। উপদেষ্টা বলেন, পাটের অবৈধ মজুতদারি প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। খুব শিগগিরই পাট উৎপাদন বেশি হয় এমন ৪ জেলায় মজুতদারি প্রতিরোধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস প্রামানিক, ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন, বোর্ড ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান এবং হেলাল আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button