কুয়েটে “চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ১৪তম ও ১৫তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য ‘চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দক্ষ ও সুশৃঙ্খল জনবলই হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। চাকুরীর বিধিবিধান ও সঠিক আচরণবিধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, যা প্রকারান্তরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করে”। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম। দিনব্যাপী এই প্রশিক্ষণে দুটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে চাকুরীবিধি, আচরণ ও শৃঙ্খলা এবং দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা। দ্বিতীয় অধিবেশনে সময়ানুবর্তিতা এবং ছুটির বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ে আলোকপাত করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ১৪তম ও ১৫তম গ্রেডের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।



