তালার কপোতাক্ষ নদে পড়ে একব্যক্তি নিখোঁজ

তালা প্রতিনিধি ঃ কপোতাক্ষ নদের তালার বালিয়া খেয়াঘাট পারাপারের সময় নদীতে পড়ে রবিউল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। রবিউল ইসলাম বর্তমানে তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। বালিয়া খেয়াঘাট দিয়ে নৌকাযোগে নদী পার হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি নদীতে পড়ে যান।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, ঘটনার পরপরই তাকে উদ্ধার করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও সফল হতে পারেনি। পরে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, রাতের কারণে উদ্ধার কাজ সম্ভব হয়নি। কাল আবারও উদ্ধার কার্যক্রম চালানো হবে।



