খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

প্রবাহ রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো এক শোকবার্তায় ফিফা সভাপতি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় ইনফান্তিনো উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে ফিফা সভাপতি বাংলাদেশের সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে, ফিফা সভাপতির পাঠানো এই শোকবার্তার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন জিয়ান্নি ইনফান্তিনোসহ আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।



