মোংলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অপ্রীতিকর ঘটনায় ২জন আহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কোরান খতম ও দোয়া মাহফিলে প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫) নামে দুই জন আহত হয়েছেন। সোমবার বিকেলে মোংলা উপজেলা সদরের হেলি প্যাড মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটে। এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিম। দোয়া মাহফিলে হামলার পর ঘটনাস্থল ও পাশর্^বর্ত্তি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ও কর্তব্যরত পুলিশ সদস্যরা জানায়, দোয়া মাহফিল শুরুর আগেই একদল দুর্বৃত্ত প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং বেশ কিছু খাবার নষ্ট করে ফেলে। এতে বাধাদিতে গেলে দুর্বৃত্তদের হামলায় দুইজন আহত হন। হামলার সময় উপস্থিত লোকজন প্রাণ বাঁচাতে মোংলা থানাসহ আশপাশের বিভিন্ন স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় আহত রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোবাহান মোল্লা জানান, হামলার সময় জীবন বাঁচাতে তিনি মোবাইল ফোন ফেলে থানার ভেতরে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ দল পূর্ব-পরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং দোয়া মাহফিলটি বানচাল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এ সময় ঘটনাস্থলে থাকা ডেকোরেটর মালিক ও বাবুর্চিদের ও হুমকি-ধামকি দেওয়া হয়। মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তসহ ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।



