মোল্লাহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২:১০ টায় উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট কুল্লা গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত মিতুল শেখ (৩৫) রাজপাট কুল্লা গ্রামের মৃত জিকরুল শেখের ছেলে।
এ ঘটনায় বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিক্ষুব্ধ জনতা ধর্ষক মিতুলের বাড়ি-ঘর ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি পাগলা বাজারে দোকানে খাবার কিনতে গেলে অভিযুক্ত মিতুল শেখ মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর নির্যাতনের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার চেঁচামেচি করলে মিতুল তাকে ছেড়ে দেয়। শিশুটি ছুটে এসে পাগলা বাজারে কান্নাকাটি করলে স্থানীয় লোকজন মিতুলকে ধরে মারপিট করে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিতুল পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, মিতুল শেখ একজন বিতর্কিত যুবক এবং এর আগেও তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এলাকার মানুষ এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন।
শিশুটির পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বলেন, এমন পাশবিক ঘটনার বিরুদ্ধে সবাইকে একসাথে দাঁড়াতে হবে। তা না হলে আজ আমাদের মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আগামীকাল অন্য কোন মেয়ের সাথে ঘটবে। তারা ধর্ষক মিতুলের ফাঁসীর দাবী জানান।
এ বিষয়টি মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় লিখিত মামলা দায়ের করেছেন, মামলা রুজু পুর্বক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। দোষীকে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় এলাকায় এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে শিক্ষাব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হচ্ছে।



