স্থানীয় সংবাদ

নির্বাচিত হতে পারলে ন্যায্যতার ভিত্তিতে সকলের জীবনমান উন্নয়নে কাজ করবো : রূপসায় আজিজুল বারী হেলাল

রূপসা প্রতিনিধি : খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, মহান আল্লাহ যাকে সম্মানিত করেন, তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সেই সম্মান প্রদান করেছেন। তার জানাজায় মনে হয়েছিল, পুরো ঢাকা নগরী যেন জানাজার শহরে পরিণত হয়েছিল। সকল রাজনৈতিক দলের মানুষ তার জন্য প্রার্থনা করেছিলেন। তার মৃত্যুতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ অশ্রুশিক্ত হয়েছিল। বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের ঐক্যের প্রতীক। তিনি বলেন, ধর্মকে দূরে ঠেলে দিয়ে সমাজ ও মানুষ কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা পেতে হলে সবাইকে ধর্মের আশ্রয় নিতে হবে। কেননা ধর্মই মানুষকে সৎ, সত্যবাদী ও আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দেয়। ধর্মের বাইরে গেলে কোনো মানুষই পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পারে না। তিনি আরও বলেন বাংলাদেশ এখন নির্বাচনমুখী। গত ১৭ বছর ধরে মানুষ তাদের নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেননি, বেগম খালেদা জিয়াও করেননি, আমরাও করি না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশের ভাগ্য গড়ার জন্য আমরা সবাই একসাথে লড়াই করে যাবো।
আপনাদের সন্তান হিসেবে আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারলে ন্যায্যতার ভিত্তিতে সকলের জীবনমান উন্নয়নে কাজ করবো। আমরা আগামী দিনে সবাই মিলে রূপসাকে একটি শান্তির উপজেলা হিসেবে গড়ে তুলবো। আপনারা সবাই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ১৪ জানুয়ারি (বুধবার) দুপুরে শ্রীফলতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে এবং বিকালে ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ডোমরা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরবর্তীতে ভবানীপুর মন্দির প্রাঙ্গণে ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু,সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপি’র যুগ্ম -আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। উক্ত অনুষ্ঠানগুলোতে বিভিন্ন স্থানে যথাক্রমে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান মোড়ল, আলাউদ্দিন শেখ, নির্মল চন্দ্র পাল এবং পরিচালনা করেন রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য মোল্যা এনামুল কবীর, আনিসুর রহমান আনিস, মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, জেলা মহিলা দলের সদস্য সচিব সেতারা বেগম, তেরখাদা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম হোসেন, শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক শরিফুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব শাহাবুদ্দিন ইজারাদার, শামীম আহম্মেদ জমাদ্দার, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম বাচ্চু,মহিলাদলের সদস্য সচিব শারমিন আক্তার আঁখি, মাওলানা হারুন, বাশির আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলাল, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সরদার ফরিদ আনোয়ার, দেলোয়ার হোসেন, হাফিজ শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
তেরখাদায় খুলনার সেরা শ্রেণী শিক্ষক নির্বাচিত
তেরখাদা খুলনা প্রতিনিধি ঃ খুলনা জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন তেরখাদা উপজেলার প্রণব কুমার সাহা। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে তিনি এ সম্মানজনক স্বীকৃতি অর্জন করেন। খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান স্বাক্ষরিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এর ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, শিক্ষাদানে দক্ষতা, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের প্রতি নিবেদনমূলক দায়িত্ব পালনের জন্য তাকে জেলার সেরা শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত করা হয়। প্রণব কুমার সাহা তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরতরয়েছেন। দীর্ঘ ২৬ বছর ধরে তিনি একই বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
এর আগে তিনি টানা আটবার তেরখাদা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে ইতোমধ্যে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। জেলা পর্যায়ে এবারের অর্জন তার দীর্ঘদিনের নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যক্তিগত জীবনে প্রণব কুমার সাহা তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের মৃত ললিত মোহন সাহার ছেলে। তিনি বর্তমানে উপজেলা সদরের সাহাপাড়া এলাকায় বসবাস করছেন।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে প্রণব কুমার সাহা বলেন, এই অর্জন আমার একার নয়, আমার সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসার ফল। আগামীতেও শিক্ষার মানোন্নয়নে নিজেকে আরও নিবেদিত রাখতে চাই। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন। শিক্ষাঙ্গনে তার এই সাফল্যে তেরখাদায় শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button