নগরীতে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে হোটেল ম্যানেজার উদ্ধার

স্টাফ রিপোর্টার : নগরীতে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে এক হোটেল ম্যানেজার নাজমুল হাসানকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে তাকে উদ্ধার করা হয়।
তিনি নগরীর সোনাডাঙ্গা এলাকার গুহ রেস্তোরাঁর ম্যানেজার।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার রাতে সোনাডাঙ্গা এলাকার সিটির গাজী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রেস্তোরাঁ থেকে নাজমুলকে অপহরণ করা হয়। পরে পুলিশের চাপের মুখে অপহরণকারীরা পরে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অপহরণকারীরা ভুক্তভোগীর পূর্ব পরিচিত ছিল। তাদের মধ্যে সৌরভ নামে একজন আগে রেস্তোরাঁয় কাজ করতেন। কিন্তু ল্যাপটপ এবং কিছু টাকা চুরির ঘটনা নিয়ে বিরোধের কারণে তাকে বরখাস্ত করা হয়েছিল। এরপর সৌরভ তার কয়েকজন সহযোগী মিলে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাজমুলকে অপহরণ করে। তারা প্রথমে তাকে বটিয়াঘাটা উপজেলায় এবং পরে পাইকগাছা উপজেলায় নিয়ে আটক করে রাখে।
তিনি আরও জানান, ঘটনার রাতে নাজমুলের বাড়িতে এক মহিলাকে মুক্তিপণ দাবি করার জন্য পাঠানো হয়েছিল। পরিবার বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকাও দিয়েছিল। বিকাশ লেনদেনের বিবরণ ব্যবহার করে আমরা তাদের অবস্থান ট্র্যাক করে যোগাযোগ রক্ষা করি। এ অবস্থায় পুলিশের চাপের কারণে অপহরণকারীরা নাজমুলকে ডুমুরিয়ায় একটি স্থানে ফেলে পালিয়ে যায়। পরে নাজমুল পুলিশের সাথে যোগাযোগ করলে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নাজমুলের ছোট ভাই শাকিল হাসান সোনাডাঙ্গা থানায় সৌরভ এবং আবিরসহ পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।
অপহরণের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।


