স্থানীয় সংবাদ

কলারোয়ায় বাস-নছিমন সংঘর্ষে ঝরলো এক প্রাণ

কলারোয়া প্রতিনিধি ঃ কলারোয়ায় যাত্রীবাহি বাস ও নছিমনের সংঘর্ষে নছিমন চালক রাকিবুল ইসলাম অপু (২১) নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ইলিশপুর নামক স্থানে মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাকিবুল ইসলাম অপু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস কলারোয়ার ইলিশপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই নসিমনের সাথে সরাসরি সংঘর্ষ হয়। এসময় নছিমন চালক অপু ছিটকে রাস্তার উপর পড়লে বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে কলারোয়া থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও নছিমনটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button