মোবাইল ব্যাংকিং লেনদেনে কঠোরতা, দৈনিক সীমা নামতে পারে ১০ হাজার টাকায়

নির্বাচনি সপ্তাহ
প্রবাহ রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনে কড়াকড়ি আরোপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হতে পারে ১ হাজার টাকা। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, “প্রতিটি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন থেকে সাধারণত মোবাইল আর্থিক-সেবার লেনদেন সীমিত করার নির্দেশনা আসে। তবে এবার এখনও আনুষ্ঠানিক কোনও চিঠি পাওয়া যায়নি। চিঠি পেলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেনের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে, যেখানে প্রতিটি লেনদেনের সীমা থাকবে ১ হাজার টাকা। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, প্রয়োজনে নির্বাচনকালীন সময়ে মোবাইল ব্যাংকিং সেবায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সম্ভাব্য এই লেনদেন সীমা নির্বাচনের আগে ও পরে মোট এক সপ্তাহ কার্যকর থাকতে পারে। বর্তমানে এমএফএস গ্রাহকরা এজেন্টের মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে এবং ৩০ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করতে পারেন। ব্যক্তি থেকে ব্যক্তিতে (পিটুপি) দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা লেনদেনের সুযোগ রয়েছে, আর মাসিক লেনদেনের সীমা ৩ লাখ টাকা। এছাড়া দিনে সর্বোচ্চ ৫০ বার এবং মাসে সর্বোচ্চ ১০০ বার লেনদেন করা যায়। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অর্থের লেনদেন ও অনিয়ম ঠেকাতেই এ ধরনের বিধিনিষেধ আরোপের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



