জাতীয় সংবাদ

দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

প্রবাহ রিপোর্ট ঃ নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোস্তাকিম মিয়া (১৪)। সে উপজেলার সায়দাবাদ গ্রামের মাসুদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে এরশাদ ও হানিফ মাস্টার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের সময় মোস্তাকিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত কিশোর কোনো গ্রুপের সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেছে তার পরিবার। নিহতের মা শাহানাজ বেগম জানান, বাড়ির পাশের সড়ক দিয়ে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। তার স্বামী প্রবাসে থাকেন এবং তারা কোনো গ্রুপের সঙ্গে সম্পৃক্ত না। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল বরণ ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই মোস্তাকিমের মৃত্যু হয়। তার শরীরের বাঁ পাশে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। রায়পুরা থানার ওসি মোঃ মুজিবুর রহমান জানান, একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button