লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী গঠনের অভিযোগ জেএসডির

প্রবাহ রিপোর্ট : লক্ষ্মীপুর-৪ (রামগতি- কমলনগর) আসনের রামগতির দক্ষিণাঞ্চলের মেঘনা উপকূলীয় চর এলাকায় নির্বাচনকালীন স্থায়ী সেনাক্যাম্প স্থাপন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। গতকাল শনিবারদুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান, দলের মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির প্রার্থী জলদস্যু ও স্থল দস্যুদের একত্রিত করে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করেছেন, যা নির্বাচনি পরিবেশকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। তিনি জানান, লক্ষ্মীপুর-৪ আসনের চরাঞ্চলগুলোতে প্রায় লক্ষাধিক ভোটার রয়েছে। এসব এলাকায় হাতিয়া ও বয়ারচরের জলদস্যু এবং স্থল দস্যুদের সমন্বয়ে গঠিত একটি অস্ত্রধারী চক্র সক্রিয় রয়েছে। তারা ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ও ভোটের বাক্স লুটের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে রামগতির দক্ষিণাঞ্চলের চর রমিজ, বড়খেরী ও চরগাজী ইউনিয়নে স্থায়ী সেনাক্যাম্প স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি জানান বেলায়েত হোসেন। বিএনপির প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী গঠনের অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন নিজান বয়ারচরের ডাকাতদের নিয়ে চরে বৈঠক করেছেন। হাতিয়ার ডাকাতদের ভাড়া করেছেন। চরের চিহ্নিত দস্যুদের একত্রিত করে প্রচারণা চালাচ্ছেন। বয়ারচরের চিহ্নিত ফরিদ ডাকাতকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছেন। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন। তিনি আরও জানান, এসব বিষয় লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। বেলায়েত হোসেন বলেন, গত ৮ জানুয়ারি রামদয়াল বাজারে জেএসডির নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। অস্ত্রধারীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিলেও এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। এমনকি পুলিশের লুট হওয়া অস্ত্রও উদ্ধার করা হয়নি। অস্ত্রধারীদের গ্রেপ্তার না হওয়ায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেএসডি জেলা সভাপতি অধ্যাপক মনছুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিয়াজুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।



