জাতীয় সংবাদ

এনসিপির আখতারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

প্রবাহ রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আখতারের দাবি, মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত শনিবার মধ্যরাতে এক ভিডিও বার্তায় আখতার বলেন, “হঠাৎই আমার ফোন নাম্বারে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিনি অশালীন ভাষায় গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকি দেন। আমার পরিবারকে কেটে ফেলবে, মেরে ফেলবে, ইলেকশন হওয়ার পর দেখে নেবে-এভাবে নানা ভয়ংকর হুমকি দিচ্ছে।” তিনি আরও বলেন, “ভয় দেখিয়ে জয়যাত্রা থামিয়ে দেওয়া যাবে না। সারা দেশেরে ন্যায় আমার আসনেও শাপলা কলির যারা নেতাকর্মী আছেন, তাদের নানা সময়ে হুমকি-ধামকি দেওয়া হয়েছে। প্রকাশ্যেও হুমকি দেওয়া হয়েছে, গোপনেও দেওয়া হয়েছে।” সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক ভূমিকা প্রত্যাশা করেন আখতার। তিনি বলেন, “বাংলাদেশে দীর্ঘসময় ধরে যে ফ্যাসিবাদ বসে ছিল, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কখনও পিছপা হইনি। হুমকি-ধামকি, ভয়, জুলুম, জেল, রিমান্ড, নির্যাতন নানা কিছু মোকাবিলা করে নতুন বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হয়েছি। আমারদেরকে ভয় দেখিয়ে, উড়ো কথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button