মঙ্গলবার দিবাগত রাত থেকে মোটরসাইকেল তিন দিন বন্ধ

# নির্বাচনি বিধিনিষেধ #
প্রবাহ রিপোর্টঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে টানা তিন দিন সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সঙ্গে বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত সারাদেশে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে গত ১ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে এই নির্দেশনার বিস্তারিত জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারাদেশে সব ধরনের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা)। জরুরি প্রয়োজন এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজের জন্য কিছু ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল রাখা হয়েছে। ছাড়ের আওতায় থাকবেঃ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন। অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক (পাস ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে)। জরুরি সেবা, ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র বহনকারী যানবাহন। বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের বিমানবন্দর যাতায়াত (পাসপোর্ট ও টিকিট প্রদর্শন সাপেক্ষে)। দূরপাল্লার যাত্রীবাহী বাস ও আন্তঃজেলা যোগাযোগ। বিটিআরসি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের জরুরি টেলিযোগাযোগ সেবা। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টরা একটি করে ছোট গাড়ি (জিপ, কার বা মাইক্রোবাস) ব্যবহার করতে পারবেন। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা এই বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করার ক্ষমতা রাখবেন। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।



