জাতীয় সংবাদ

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা নেই, গোপন কক্ষে নিষেধাজ্ঞা

প্রবাহ রিপোর্ট : নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন ভোটার, প্রার্থী বা তাদের অ্যাজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা। তবে, গোপন কক্ষ বা ব্যালট স্ট্যাম্পিং রুমে মোবাইল নিষিদ্ধ থাকবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।
সচিব বলেন, ‘পূর্ববর্তী সিদ্ধান্ত নিয়ে আপনাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, তাই এটা আমরা সংশোধন করছি। মোবাইল ফোন নিয়ে ভোটার, প্রার্থী বা তাদের অ্যাজেন্টরা ভেতরে যাবেন। সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ বা যেখানে স্টাম্পিং হয় সেখানে মোবাইল নিয়ে কেউ প্রবেশ করবেন না। এভাবে পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে।’
তিনি আরো বলেন, ‘তবে এখানে কিছু বিধিনিষেধ থাকবে। যেমন–পোলিং অ্যাজেন্টস, পোলিং অফিসার, অ্যাসিস্টেন্ট প্রিজাইডিং অফিসার-তাদের সাথে মোবাইল রাখার বিধান নেই। সেইসাথে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন, তাদের জন্যও একই বিধান প্রযোজ্য। নিয়মানুযায়ী তারা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের আওতার বাইরে থাকবেন।’
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কেন্দ্রে প্রবেশের সময় মোবাইল ফোন সাথে না রাখতে দেয়ার বিষয়ে কমিশনের পূর্ববর্তী সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিভিন্নভাবে একাধিকবার উত্থাপিত হলে কমিশন আলোচনা সাপেক্ষে পরিপত্রের এ সুনির্দিষ্ট অংশটুকু বাতিল করেছে বলে জানান তিনি। বাসস

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button