নেত্রকোনায় একটি ভোটকেন্দ্রে আগুন

প্রবাহ রিপোর্ট ঃ নেত্রকোনা সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বুথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বুথের ভেতরে থাকা দুটি বেঞ্চ, একটি ফ্যান ও লাইট পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ অগ্নিকা- ঘটে। স্থানীয় শিক্ষক ও এলাকাবাসীর ধারণা, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে দুর্বৃত্তরা বুথ কক্ষে আগুন দেয়। এতে বুথের ভেতরে থাকা দুটি বেঞ্চ, একটি ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ, ডিবি (গোয়েন্দা পুলিশ)সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পুলিশ জানায়, বিদ্যালয়টির মোট সাতটি বুথের মধ্যে পুরাতন ভবনে চারটি বুথ ছিল। এর মধ্যে একটি বুথের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।



