জাতীয় সংবাদ
প্রেসক্লাব থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট : জাতীয় প্রেসক্লাবের শৌচাগারে সাংবাদিক আলী মামুদের লাশ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে লাশটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই সাংবাদিক মারা গেছেন। বর্তমানে লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে। নিহত আলী মামুদ জাতীয় দৈনিক দিনকালের সিটি এডিটর হিসেবে কাজ করতেন। তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্যও ছিলেন। পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মামুদের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



