জাতীয় সংবাদ

গত এক যুগে কয়েকটি তামাশার নির্বাচন দেখেছি : তারেক রহমান

প্রবাহ রিপোর্ট : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত এক যুগেরও বেশি সময় ধরে আমরা কয়েকটি তামাশার নির্বাচন দেখেছি। কিন্তু সেই নির্বাচনে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? কি ভাই ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেন নাই। ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন সেই নির্বাচনের মানুষ ভোট দেবে। গত সোমবার রাতে ঢাকা-৭ আসনের লালবাগের বালুর মাঠ বা সাবেক আজাদ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা নির্বাচনে ভোট দিয়ে সঠিক প্রার্থীকে বের করে নিয়ে আসব। যেই প্রার্থী এলাকার মানুষ পাশে থাকবে, যেই প্রার্থী এলাকার মানুষের সুখ-দুঃখে তাদের পাশে থাকবে। যেই প্রার্থী এলাকার উন্নয়ন করবে, উন্নয়নমূলক কাজ করবে। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র রাজনৈতিক দল। যেই দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে অতীতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা পত্রিকার দেখেছি তাদের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়েছে। নির্বাচনে গোপন ব্যালটের সিল বানাতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তারা ধরা পড়েছে। আমরা দেখছি এই রাজনৈতিক দলটি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মা বোনদের বিভ্রান্ত করছে। তাদের কাছে গিয়ে তাদের বিকাশ নম্বর চাইছে। তাদের এনআইডি নাম্বার চাইছে। কারণ তারা তাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চাইছে। তিনি বলেন, আমাদের সতর্ক হতে হবে। বহু ত্যাগ, বহু বলিদানের মাধ্যমে, বহু গুম খুনের ভেতর দিয়ে, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে দেশের মানুষ তাদের এই ভোটের অধিকার ফিরে পেয়েছে। আমাদের সেজন্য সতর্ক থাকতে হবে। এই ভোটের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে। দেশের মানুষ যাতে এই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে। তারেক রহমান বলেন, আমি আজকে আপনাদের এই এলাকার ছেলে এই এলাকার সন্তান তার হাতে আমি আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিয়ে গেলাম। আপনারা হামিদকে ইনশাআল্লাহ দেখে রাখবেন ১২ তারিখ পর্যন্ত। হামিদ নির্বাচিত হলে ধানের শীষ নির্বাচিত হলে বিএনপি সরকার গঠন করলে ১৩ তারিখ থেকে হামিদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button