গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

প্রবাহ রিপোর্ট : গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনে গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে, ৩০ জানুয়ারি শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে এবং গত ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।



