জাতীয় সংবাদ
উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি

প্রবাহ রিপোর্ট : নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটের সময় নগদ টাকা বহনের কোনো আইনি সীমা নেই। বৈধ সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই। গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। এ বিষয়ে ইসি সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, টাকা যদি বৈধ হয়, টাকার সোর্স যদি বৈধ হয়, তাহলে বহনে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কাজে যত খুশি টাকা বহন করা যায়। তবে নির্বাচনে কাউকে প্রভাবিত করার উদ্দেশ্যে টাকা বহন করা হয়ে থাকলে তা ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ খতিয়ে দেখবে। আর যদি অবৈধ টাকা হয় তা দেখবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



