জাতীয় সংবাদ

কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে: জামায়াত আমির

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। গতকাল বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। জামায়াত আমির বলেন, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিন, গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। অন্য আরেক পোস্টে তিনি তরুণ প্রজন্মের ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, প্রিয় জেন-জি, তোমরাই জুলাই বিপ্লবের নায়ক। তোমাদের সাহস ও ত্যাগের বিনিময়ে দীর্ঘদিন পর একটি উৎসবমুখর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) আরও একবার তোমাদের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। ভোট বিপ্লবের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দাও, তোমরাই নতুন বাংলাদেশ গড়ার কারিগর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button