জাতীয় সংবাদ

ভোটে স্বচ্ছতা, শুক্রবার সকালের মধ্যে ফলাফল : ইসি

প্রবাহ রিপোর্ট :আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটগ্রহণের পর যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে। নির্বাচনের স্বচ্ছতা, নিরাপত্তা এবং অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “ভোটের পর দিন (শুক্রবার) সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল প্রকাশ করা সম্ভব হবে। আমরা ফল প্রকাশে সময়সীমা দ্রুত রাখতে চেষ্টা করছি।”
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি ও আন্তর্জাতিক সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
ইসি আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক ও পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়া স্থানীয় পর্যবেক্ষকরা কমিশনের গাইডলাইন অনুসারে কাজ করবেন। তাদের রিপোর্ট এবং প্রতিবেদন ভোটের প্রকৃত অবস্থা তুলে ধরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নির্বাচন কমিশন ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষক প্রবেশের সুযোগ দেবে। এছাড়া প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, যা কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা। প্রধান উপদেষ্টা প্রবাসী ভোটের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং প্রবাসী ভোটের নিরাপত্তা ও সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। কমিশন কঠোর জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
এছাড়া ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে দায়িত্ব পালন করবে। কমিশন আশা করছে, দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button