গরম পানিতে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ ফটিকছড়িতে গরম পানিতে দগ্ধ হয়ে ১ বছর ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রায়হানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে ঘরে চা তৈরির জন্য রাখা গরম পানির পাত্রে শিশুটি হাত দিলে হঠাৎ টান পড়ে তার শরীরের ওপর গরম পানি ঢেলে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেলাল উদ্দিন মেম্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুটি আমার নাতি হয়। আমার ভাতিজার ছেলে। চারদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



