প্রশাসন ও ইসিতে বড় রদবদল

১১২ উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি
৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
প্রবাহ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)।
সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি করা কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তারা ওইদিন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এটিই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া সবচেয়ে বড় বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রস্তুতি হিসেবেই মাঠ পর্যায়ের এই রদবদলকে দেখা হচ্ছে।
এর আগে সোমবারই ইসি সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত, যেখানে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ইসির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : ৯ সচিব ও সিনিয়র সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চুক্তি বাতিল হওয়া সচিবেরা হলেন-পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেস উর রহমান, এস এম আকমল হোসেন, কাইয়ুম আরা বেগম, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ।
এর আগে তিন সচিবকে প্রত্যাহার করে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসনের মন্ত্রণালয়। প্রত্যাহার হওয়া সচিবরা হলেন- ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। প্রত্যাহারের পর তিন সচিবকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাদেরকে সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে আদেশগুলো জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।



