জাতীয় সংবাদ

বরিশালে আ.লীগ নেতার জামিনে আদালতে তুলকালাম

প্রবাহ রিপোর্ট : বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে আইনজীবীদের হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় আদালতের এজলাসের সামনে থাকা বেঞ্চ ও কিছু আসবাবপত্র এলোমেলো করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুছকে একটি মারামারি মামলায় জামিন দেয়ার প্রতিবাদে সকাল থেকেই জেলা আইনজীবী সমিতির বিএনপিপন্থি সদস্যরা আদালত বর্জন কর্মসূচি পালন করেন। একই সঙ্গে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফাতউল্লাহর অপসারণের দাবিতে তারা আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।
দুপুরে আদালতের কার্যক্রম শুরু হলে বিক্ষুব্ধ আইনজীবীরা এজলাসে প্রবেশ করে কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে হট্টগোল শুরু হয় এবং বিচারক সারাফাতউল্লাহ চেয়ার ছেড়ে দ্রুত খাসকামরায় চলে যান। এ সময় মামলার শুনানিতে অংশ নেয়া কয়েকজন আইনজীবীকে লাঞ্ছিত করার অভিযোগও ওঠে।

ঘটনার পর বিকেল চারটার দিকে আদালত কক্ষে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি চেয়ার এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং মাইক মেঝেতে পড়ে রয়েছে।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ নেতার জামিনের প্রতিবাদে আইনজীবীরা আদালতের কার্যক্রমে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আদালত বর্জন করা অবস্থায় এজলাস শুরু না করার জন্য আমরা অনুরোধ করেছিলাম। পরে তারা কার্যক্রম বন্ধ করে চলে যান।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল ইসলাম জানান, আইনজীবীদের আন্দোলনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কোর্ট ইন্সপেক্টর তারক বিশ্বাস বলেন, বিজ্ঞ আইনজীবীরা আদালতে প্রবেশ করলে তাদের বাধা দেয়ার এখতিয়ার পুলিশের নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button