জাতীয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

প্রবাহ রিপোর্ট : অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন-অর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আবেদন করে বলেন, সাবেক দুই উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম কাজ করছে। অনুসন্ধান চলমান থাকায় অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালত আবেদনটি গ্রহণ করে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।
হারুন-অর-রশীদ ২০১৩ সালের ৬ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রথমবার দায়িত্ব নেন। পরবর্তীতে ২০১৭ সালে তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়। ২০২১ সালের ৫ মার্চ তার দ্বিতীয় মেয়াদ শেষ হয়।
এরপর ২০২১ সালের মে মাসে মো. মশিউর রহমান উপাচার্য হিসেবে নিয়োগ পান। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট তিনি পদত্যাগ করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button