জমি লিখে না দেওয়ায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গায় জমি লিখে না দেওয়ায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (০৬ মার্চ) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোক্তার হোসেন (৫০) একই গ্রামের মৃত সাবদাল হোসেনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। এ ঘটনায় স্ত্রী তনুজা খাতুনকে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে গ্রামবাসী। স্থানীয়রা জানান, মোক্তার হোসেনের প্রথম স্ত্রী মারা যান। প্রথম পক্ষের তিন সন্তানও রয়েছে। পরে তনুজা খাতুনেক বিয়ে করেন মোক্তার। দ্বিতীয় স্ত্রীর নামে কিছু জমি দেন তিনি। পরে প্রথম পক্ষের সন্তানদের নামে জমি দিতে চাইলে দ্বিতীয় স্ত্রীর সাথে কলহ তৈরি হয় মোক্তারের। পরিবারের অন্য সদস্যদের অভিযোগ, শুক্রবার রাতে একই ঘটনার জেরে মোক্তারকে খাবারের সাথে বিষ পান করিয়ে হত্যা করেন তনুজা। ওই ঘটনায় তনুজাকে মারপিট শেষে পুলিশে দেন স্থানীয়রা। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রকৃত কারণ উন্মোচনে কাজ করছে পুলিশ। তবে, ওই ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ বা মামলা দেননি।



