খুলনায় যুবদের কর্মসংস্থানমুখী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় বেকার যুবসমাজের কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে চাকরিপ্রার্থীদের মেলবন্ধন তৈরির লক্ষ্যে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘চাকুরি মেলা-২০২৬’। ২৫ আগস্ট ২০২৬ তারিখে গল্লামারীস্থ সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই মেলার আয়োজন করা হয়। খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট, এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং যুব উন্নয়ন অধিদপ্তর খুলনা যৌথভাবে এই মেলার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা, বিসিকের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। মেলায় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও ট্রেনিং সেন্টারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। চাকরিপ্রার্থীরা সরাসরি সিভি জমা দেওয়া এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান। স্থানীয় তরুণ-তরুণীদের মাঝে এ মেলাটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।



