উসকানির সুযোগ না দিয়ে লংমার্চ সফল করবে দেশবাসী : গোলাম পারওয়ার

প্রবাহ রিপোর্ট : গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ৬ দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দেশবাসী এ কর্মসূচি সফল করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পারওয়ার।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পারওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। লংমার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ নেতৃত্ব দেবেন।
তিনি বলেন, লংমার্চ সফল করতে ইতোমধ্যে বিভিন্ন বাস্তবায়ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক, সংস্কৃতি এবং প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। দফায় দফায় সভা করে ব্যাপক প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। জনগণের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মিয়া গোলাম পারওয়ার জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। এটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, লংমার্চে হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নেবেন বলে তারা আশা করছেন।
লংমার্চকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে গতকাল ২৪ আগস্ট সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট রুট, পথসভা ও কর্মসূচির বিভিন্ন স্পট সম্পর্কে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘœ ঘটে, সে বিষয়েও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর চলাচলের পরিকল্পনা রয়েছে, যাতে অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল অব্যাহত রাখা যায়। তবে এত বড় কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি সৃষ্টি হতে পারে। এ জন্য দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।
তিনি আরও বলেন, এটি একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এই লংমার্চ কর্মসূচি সফল করে তুলবে ইনশাআল্লাহ। একইসঙ্গে কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



