জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ভারত রাষ্ট্রদূতের বৈঠকের পরপরই ঢাকায় এলেন পিটার হাস

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায় অবস্থান করছেন। গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন তিনি। ঢাকার বারিধারায় যুক্তরাষ্ট্র ও ভারতের রাষ্ট্রদূতের বৈঠকের একদিন পরই ঢাকায় আসলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত পিটার হাসের বাংলাদেশে থাকার কথা রয়েছে। তবে তার ঢাকা সফরের উদ্দেশ্য নিশ্চিত হওয়া যায়নি। এটি ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো কারণে তিনি বাংলাদেশে এসেছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশে প্রায় তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন। পরে যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন তিনি। বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে আসছিলেন পিটার হাস। এ বিষয়ে নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন তিনি।
পিটার হাসের এসব তৎপরতা নিয়ে তৎকালীন আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হয়েছিল। তার কূটনৈতিক কর্মকা-কে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বলেও অভিযোগ করেছিল হাসিনা সরকার। অন্যদিকে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর কাছে তিনি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস জানিয়েছিলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি।
এদিকে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে এক বৈঠকে মিলিত হন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মার্কিন দূতাবাস বৈঠকের তথ্য নিশ্চিত করলেও দুই কূটনীতিকের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button