বিনোদন

শাকিবের নতুন সিনেমায় সাবিলা নূর

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন ছোট ও বড়পর্দার অভিনেত্রী সাবিলা নূর। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ‘রকস্টার’ শিরোনামের এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে ছবিটি আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। যদিও এর আগে গুঞ্জন উঠেছিল, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে পাকিস্তানের কোনো অভিনেত্রীকে দেখা যেতে পারে। তবে পরিচালক আগেই জানিয়ে দিয়েছেন, এটি দেশি গল্পের সিনেমা, তাই নায়িকাও দেশি হবেন। এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। শেষ মুহূর্তে গত বুধবার সাবিলাকেই চূড়ান্ত করা হয়। জানা গেছে, সিনেমাটি হবে সম্পূর্ণ রোমান্টিক মিউজিক্যাল ঘরানার। অ্যাকশন থাকবে না বললেই চলে। শুটিং শুরু হবে আগামী ২২ মার্চ মালয়েশিয়ায়, চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং অনুষ্ঠিত হবে। ছবিটি পরিচালনা করবেন আজমান রুশো। উল্লেখ্য, এর আগে শাকিব খানের সঙ্গে ‘তা-ব’ সিনেমায় অভিনয় করেছিলেন সাবিলা। সেবার তাদের জুটি ভালো দর্শকপ্রিয়তা পেয়েছিল। এবার ‘রকস্টার’-এ দ্বিতীয়বার জুটি হচ্ছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button