দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ১২ কেজি এলপিজির দাম সবচেয়ে বেশি

পাকিস্তানে ১ হাজার ৪৮৮, শ্রীলঙ্কা ও নেপালে ১ হাজার ৩৯২ এবং ভারতে ১ হাজার ৮৮ টাকা
প্রবাহ রিপোর্ট : দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সবচেয়ে বেশি বাংলাদেশে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে বেশি টাকা। সর্বশেষ ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ নভেম্বর) নতুন এ দাম ঘোষণা করা হয়। নভেম্বর ২০২৬-এর মূল্যতথ্য ও বিনিময় হার অনুযায়ী, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামের তুলনামূলক চিত্রে বাংলাদেশের অবস্থান সবার ওপরে।
বাংলাদেশে বেসরকারি কোম্পানির ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা। অন্যদিকে, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৬০ টাকা।
অন্যদিকে, পাকিস্তানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৮৮ টাকা। শ্রীলঙ্কা ও নেপালে একই পরিমাণ এলপিজির দাম প্রায় ১ হাজার ৩৯২ টাকা করে।
ভারতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮৮ টাকা। অঞ্চলভেদে দেশটিতে এলপিজির দামে কিছুটা পার্থক্য রয়েছে।
তুলনামূলক হিসাবে দেখা যায়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি) এবং স্থানীয় বিভিন্ন খরচের পরিবর্তনের ভিত্তিতে দেশে এলপিজির দাম সমন্বয় করে থাকে বিইআরসি।



