স্থানীয় সংবাদ

লোহাগড়ায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

লোহাগড়া প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়ায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আমিনুর রহমান ওই গ্রামের তামজেল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আমিনুর রহমান বাড়ির পাশের রেললাইনের কাছে ছাগল বাঁধতে যান। বাঁধার পর ছাগলটি দৌড়ে রেললাইনের ওপর চলে গেলে তিনি ছাগলের দড়ি ধরে টেনে আনতে যান। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু দুর্ঘটনাটি রেলওয়ের সীমানায় ঘটেছে, তাই রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button