স্থানীয় সংবাদ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি

# খুলনা মহানগর বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে নজরুল ইসলাম মঞ্জু #

স্টাফ রিপোর্টার ঃ ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে তাদের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য। শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত বিশাল ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক সমাজ এবং দলীয় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু জুলাই-আগস্টের গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিজয়ী সকল নেতাকর্মী, শহীদ পরিবার এবং মিথ্যা মামলায় নির্যাতিতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেন। বিএনপির রাজনৈতিক দর্শন ও লক্ষ্যের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি কেবল একটি সাধারণ গণতান্ত্রিক দল নয়, এটি এদেশের মানুষের প্রাণের দল, জনপ্রিয় দল এবং মানুষের আস্থা ও বিশ্বাসের ঠিকানা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের কল্যাণে কাজ করার যে ব্রত নিয়ে এই দল শুরু করেছিলেন, সেই পথ ধরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের এই নতুন যাত্রায় আমাদের প্রধান লক্ষ্য হলো জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করা। বিগত দিনে এদেশের সম্মানিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিশাল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাদের প্রিয় দলকে বারবার বিজয়ী করেছে। জনগণের সেই আস্থা ও প্রত্যাশা পূরণে এখন আমাদের একটি কার্যকর ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। রাষ্ট্রীয় সংস্কার ও বর্তমান সরকারের কর্মসূচিতে সহযোগিতা করার বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের মূল লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। সরকার প্রধান দেশ গঠনের জন্য যে কল্যাণমুখী কর্মসূচি ও সংস্কারের কথা বলেছেন, আসুন আমরা সবাই মিলে একদম তৃণমূল পর্যায় থেকে তা বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং দলের শীর্ষ নেতাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা-২ আসনের সংসদ সদস্য মহানগর জামায়াতের সেক্রেটারি এড. জাহাঙ্গীর হোসাইন হেলাল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. প্রফেসর হারুন অর রশীদ খান, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, নগর জামায়াতের জয়েন্ট সেক্রেটারি এড. শাহ আলম লস্কর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা আইনজীবী সমিতির আহবায়ক এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, জেলা পিপি এড. তৌহিদুর রহমান তুষার, বার কাউন্সিলের সাবেক সদস্য এড. আব্দুল মালেক, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, কেএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম, এডিসি ট্রাফিক শাহনেওয়াজ খালেক, টোয়াস’র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মঈনুল ইসলাম জমাদ্দার, শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল, পূজা উদযাপন পরিষদের গোপী কৃষান মুগ্ধা ও বিপ্লব কুমার মিত্র, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যফ্রন্ট খুলনা জেলার সভাপতি ডা. প্রদীপ দেবনাথ, নগর মুসলিম লীগের সাধারণ সম্পাদক এড. আক্তার জাহান রুকু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, বিএনপি নেতা ফকরুল আলম, জাফরউল্লাহ্ খান সাচ্চু, ফুলতলা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন, গণঅধিকার পরিষদের মো. বেলাল হোসাইন, এনসিপি’র মোহাম্মদ ফাইজুল্লাহ্ ও ফরিদ আহমেদ পাঠান, ইফতার মাহফিলে খুলনার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার জন্য প্রধান অতিথি মাননীয় মন্ত্রী (রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়) রুহুল কবির রিজভী আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, মোহাম্মদ আলি আসগার লবি এমপি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় মহানগর বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button