ইরানের হামলায় আরও ১৯২ ইসরায়েলি আহত : বাড়ছে উত্তেজনা

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের বিমান হামলার জবাবে ইরান পাল্টা মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই হামলায় আরও ১৯২ জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে ১৯২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর, আর বাকিদের আঘাত তুলনামূলকভাবে কম। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩৭২৭ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ইরানের হামলা এখনও থেমে নেই। ধারাবাহিক মিসাইল আঘাতে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরান দাবি করেছে, তাদের নিরাপত্তা সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তা আলী লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার পর মধ্যাঞ্চলজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চ্যানেল ১২ জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কতা জারির পর গুশ দান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে ভূপাতিত ধ্বংসাবশেষ থেকেও বিস্ফোরণ ঘটে। হোলন শহরে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু গাড়িতে আগুন ধরে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, কাফর কাসেম শহরের অন্তত চারটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে। একটি ঘটনায় আতঙ্কে অসুস্থ হয়ে পড়া দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ইরান–ইসরায়েল সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। তথ্যসূত্র : আল-জাজিরা



