অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ সুন্দরবনে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযান অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক হয়েছে। গত সোমবার কোস্ট গার্ড মিডয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন এতথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ১ সদস্য সুন্দরবনের ফেলুরখন্ড, বৈধমারি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার বিকাল ৩টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য ইয়াছিন সেখকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, সোমবার মধ্যরাত ১টায় মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। আটককৃত ডাকাত ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



