কোটির ঘরে আফরান নিশোর দম

# তিন দিনের আয় #
প্রবাহ রিপোর্ট ঃ ঈদের সিনেমার তালিকায় এবার বেশ জমজমাট লড়াই চলছে। পাঁচটি সিনেমা মুক্তি পেলেও আলোচনা আর আয়ের দৌড়ে একেকটি একেক অবস্থানে রয়েছে। দর্শক চাহিদার তুঙ্গে থাকা এই সিনেমাগুলোর মধ্যে আয়ের হিসেবে সবাইকে ছাড়িয়ে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে আফরান নিশো অভিনীত ‘দম’। বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে এটি। মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা দিয়ে খাতা খুলে দ্বিতীয় দিনে ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা আয় করেছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউজফুল, যা নিশোর ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। আফরান নিশোর এই দাপুটে যাত্রার ঠিক পেছনেই অবস্থান করছে তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত ও হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি তিন দিনে মোট ৭৭.৩৩ লাখ টাকা আয় করেছে। প্রথম দিন ১৮.৫৪ লাখ টাকা থেকে শুরু করে দ্বিতীয় দিনে ২২.২৬ লাখ এবং তৃতীয় দিনে ২৮.৮৯ লাখ টাকা সংগ্রহ করে সিনেমাটি ক্রমাগত আয়ের গ্রাফ উর্ধ্বমুখী রেখেছে। মাল্টিপ্লেক্সের ৩১টি শোর মধ্যে ২৯টিই হাউজফুল ছিল। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূরদের এই সিনেমাটি প্রমাণ করেছে যে শুধু অ্যাকশন নয়, জীবনমুখী গল্পের সিনেমার প্রতিও দর্শকদের প্রবল আগ্রহ রয়েছে। আয়ের লড়াইয়ে এর পরেই অবস্থান করছেন সিয়াম আহমেদ।



