নগরীতে আইসক্রিমের প্রলোভনে ডেকে নিয়ে শিশু হত্যা

# ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার #
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জান্নাতুল মাওয়া খুলনা মহানগরের লবণচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহজালালের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) দুপুরে মাওয়া তার বাবা-মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াতে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় যায়। সেখানে পরিচিত এক ব্যক্তি-(যিনি শিশুটির বাবার আপন চাচাতো মামা) আইসক্রিম খাওয়ানোর কথা বলে মাওয়াকে ডেকে নিয়ে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও মাওয়া ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে তার মা ওই ব্যক্তির মোবাইলে যোগাযোগ করেন। তখন তিনি জানান, শিশুটি আইসক্রিম খাচ্ছে এবং ফিরতে দেরি হবে। তবে কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুপুরের পর থেকে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে মাওয়ার বাবা লবণচরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহে শ্বাসরোধের আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলে একটি দড়ি পাওয়া যায়। নিহতের পিতা মো. শাহজালাল অভিযোগ করে বলেন, “তোতা মিয়া আমার মেয়েকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। রাতে সে ইমুতে ভয়েস মেসেজ দিয়ে জানায়, আমার মেয়ের লাশ একটি স্থানে পড়ে আছে।” তিনি আরও জানান, পরে পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত তোতা মিয়া পলাতক রয়েছে। তবে তার সঙ্গে কোনো পূর্ব বিরোধ ছিল না বলেও জানান তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই সন্দেহভাজনদের নাম প্রকাশ করা হচ্ছে না।



