স্থানীয় সংবাদ

কেসিসির গাড়ি থেকে তেল চুরির ঘটনা ধামা চাপা দিতে মহল বিশেষ তৎপর

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ময়লা উত্তোলনকারী ব্যাক হুইলার লোডার-৬ গাড়ি থেকে তেল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে গাড়ির চালক এনায়েত হোসেন বাবলু। গত ১৯ মার্চ দুপুরে নগরীর খালিশপুরে এসটিএসে (সেকেন্ডারি ট্যান্সফার স্টেশন) এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চুরিকৃত কমপক্ষে ১০ লিটার তেল উদ্ধার করেছে করপোরেশন কর্তৃপক্ষ। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে মহল বিশেষ তৎপরতা শুরু করেছে। মোটা অংকের টাকা নিয়ে চক্রটি মাঠে নেমেছে। করপোরেশনের কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান জানান, দীর্ঘদিন ধরে চালক বাবলু গাড়ি থেকে তেল চুরি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে করপোরেশন কর্তৃপক্ষের নির্দেশনায় কর্মচারী নুরুজ্জামান সুমন তার ওপর নজরদারি রাখেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নগরীর খালিশপুরে এসটিএসের (সেকেন্ডারি ট্যান্সফার স্টেশন) গাড়ি থেকে তেল চুরির সময় তাকে হাতেনাতে আটক করেন নুরুজ্জামান সুমন। আটকের পর চালক বাবলু আলামত নষ্ট করতে চুরিকৃত ড্রামভর্তি তেল ময়লার মধ্যে ঢেলে দেওয়ার চেষ্টা করেন। তখন নুরুজ্জামান সুমন সেই তেল রক্ষা করতে গেলে বাবলু ও চালকের সহকারী সুরুজ দু’জনে মিলেই তাকে মারধর করেন। কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান আরও জানান, এ ঘটনায় চালক বাবলুকে ইতোমধ্যে ক্লোজড করা হয়েছে। তার গাড়ী অফ করা হয়েছে। এছাড়া একটি তদন্ত টিমও গঠন করা হবে। ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রসঙ্গে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, তদন্তের ভিত্তিতে বিধি মোতাবেক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর সাথে আর কেউ জড়িত আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। যারা বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করবে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। উল্লেখ্য, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামানের সময় দু’ ড্রাম চোরাই তেলসহ দু’ জনকে আটক করা হয়। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। গঠন করা হয় তদন্ত কমিটি। কিন্তু সেই তদন্ত কমিটি আলোর মুখ না দেখায় চক্রটি আবারো তেল চুরি কার্যক্রম শুরু করেছে বলে অনেকে মন্তব্য করেছেন। ওই তদন্ত রিপোর্ট আবারো খতিয়ে দেখার দাবি জানিয়েছেন চালকরা। তাহলে কেসিসির তেল চুরির চক্রটির মুখোশ উন্মোচন হবে বলে তারা মনে করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button