যশোর থেকে স্ত্রীকে খুলনায় বেড়াতে নিয়ে এসে নদীতে ফেলে হত্যার চেষ্টা

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় এক স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা চেষ্টার ঘটনা। যশোর থেকে খুলনায় ঘুরতে নিয়ে এসে রূপসা নদীতে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় স্বামী। ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে খুলনার রূপসা নদীতে ঘটনাটি ঘটে। বর্তমানে দম্পত্তি পূর্ব রূপসা বাসস্টান্ড পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে রয়েছে। স্বামী-স্ত্রী হলেন, যশোর কোতোয়ালী থানার কাজী পাড়া এলাকার বাসিন্দা হেদায়েত হোসেনের ছেলে রবিউল ইসলাম রাসেল এবং তার স্ত্রী রুমা আক্তার হাসি। স্থানীয়রা জানান, বিকেলে রূপসা ঘাট থেকে একটি নৌকা রিজার্ভ করে তারা খানজাহান আলী (র:) সেতুর দিকে রওনা হয়। কিন্তু পথিমধ্যে সালাম সী ফুডের সামনে এসে স্ত্রী হাসিকে ধাক্কা দেয় স্বামী রাসেল। বিষয়টি উপস্থিত কয়েকজন নৌকার মাঝি দেখে ফেলে। সালাম সী ফুড লিমিটেডের ট্রলার চালক রেজাউল বিষয়টি অবলোকন করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হাসিকে উদ্ধার করে। তাকে সালাম সী ফুডের ঘাটে উঠানো হয়। উৎসুক জনগণ হাসিকে দেখার জন্য ঘটনাস্থলে ভির করে এবং তার মুখ থেকে বিষয়টি জেনে পুলিশকে খবর দেয়। সালাম সী ফুডের ভেতর থেকে স্বামী-স্ত্রীকে পূর্ব রূপসা বাসস্টান্ড ফাঁড়িতে নেওয়া হয়। এ ঘটনায় রূপসা থানার অফিসার ইনচার্জ আ: রাজ্জাক মীর বলেন, বিষয়টি আমি শুনেছি। স্বামী-স্ত্রী দু’জনই পুলিশের হেফাজতে রয়েছে। এখনও বিস্তারিত জানতে পারেনি। দু’জনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।



