স্থানীয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে খুলনায় উদযাপিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর

স্টাফ রিপোর্টার ঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য, গভীর আধ্যাত্মিকতা এবং উৎসবমুখর পরিবেশে খুলনায় উদযাপিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। পবিত্র রমজান মাসের এক মাস সিয়াম সাধনার পর এ আনন্দের দিনে নগরীর সর্বস্তরের মানুষ মিলিত হয় এক অনন্য ভ্রাতৃত্ববন্ধনে। দিনব্যাপী ঈদের জামাত, দোয়া-মোনাজাত, শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক সম্প্রীতির নানা আয়োজনে মুখর ছিল পুরো খুলনা মহানগরী। খুলনা মহানগরীতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে। হাজারো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত এ জামাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রথম জামায়াতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। এছাড়া একই স্থানে সকাল ৯টা ও ১০টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন যা ঈদের সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চিরায়ত বার্তা বহন করে। পরে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন মুহূর্তে খুলনাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে তিনি বলেন, ঈদের এই পবিত্র শিক্ষা আমাদের পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে। এ সময় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি নগরীর বাবুখান রোডস্থ খুলনা সরকারি শিশু সদন পরিদর্শন করেন এবং অবস্থানরত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর কানিজ মোস্তফা, শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শিশুদের সঙ্গে মতবিনিময়কালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “ঈদ মানে শুধু নিজে আনন্দ করা নয়, ঈদ মানে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। সহমর্মিতা এবং মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করা। তিনি শিক্ষার মূলধারা থেকে ঝরে পড়া শিশুদের বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেন, এ সকল শিশুদের আমরা স্নেহ-মমতা দিয়ে গড়ে তুলতে চাই এবং তাদের শিক্ষার আলোয় আলোকিত করতে চাই। কোনো শিশুই যেন অবহেলিত না থাকে এবং তারা যেন সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন গড়ে তুলতে পারে সেজন্য খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। সবশেষে তিনি সাউথ সেন্ট্রাল রোডস্থ সিইউসি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তিনি তাদের সঙ্গে সময় কাটান এবং উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button