এবার সুরমা-কুশিয়ারার পানিও বাড়ছে

প্রবাহ রিপোর্ট ঃ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যাপ্রবণ নদ-নদীর পানির সমতল বাড়ছে। কুশিয়ারার পানির সমতল বাড়তে শুরু করেছে। আগামী তিনদিন বাড়বে সুরমার পানির সমতল। এছাড়া আরও আগে থেকে বৃদ্ধি পাচ্ছে ভোগাই, কংস নদীর পানি। বুধবার (০১ এপ্রিল) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল আছে, অপরদিকে কুশিয়ারা ও ভুগাই-কংস নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে ও ধনু-বাউলাই নদীসমূহের পানির সমতল হ্রাস পেয়েছে। বিগত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ও দেশের উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী একদিন মাঝারি থেকে মাঝারি-ভারি এবং পরবর্তী দু’দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে, ভুগাই-কংস ও ধনু-বাউলাই নদীসমূহের পানির সমতল আগামী এক দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী দু’দিন স্থিতিশীল থাকতে পারে। পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ৪৬টি স্টেশনের মধ্যে গত ২৪ ঘণ্টায় পানির সমতল বেড়েছে ২৮টিতে, কমেছে ১৭টিতে। আর একটিতে পানির সমতল অপরিবর্তিত আছে।



