কেসিসি’র এক্সিউিটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে ২২নং ওয়ার্ডে মোবাইল কোর্ট

# বাড়ির আঙ্গিনা অপরিষ্কার থাকায় #
স্টাফ রিপোর্টার ঃ মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে রবিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনার ২য় দিনে বাড়ির আঙ্গিনা অপরিচ্ছন্ন থাকায় নগরীর কয়লাঘাটস্থ কাগজী বাড়ি লেনের মো: মোখলেছুর রহমান-কে ২ হাজার টাকা, একই লেনের আব্দুস সালাম-কে ২ হাজার টাকা এবং গগন বাবু রোডের মো: ইয়াসিন-কে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। উল্লেখ্য, ডেঙ্গু সংক্রমণ রোধে নগরীতে মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন নিশ্চিত করতে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক ক্রাশ প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। কেসিসি কর্তৃক পরিচালিত কর্মসূচির পাশাপাশি নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার সীমানার মধ্যে মশার প্রজনন স্থান অথবা মশার লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল শনিবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার মধ্যে টায়ার, কৌটা, ডিমের খোসা, ডাবের খোল, ফুলের টব, বেসিনের নিচে, ফ্রিজের পাশে, এসির পাশে, সানসেটে পানি জমে আছে কিনা সেদিকে লক্ষ্য রাখাসহ বাড়ির আঙ্গিনা নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমানসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। জনস্বার্থে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।



