অবৈধভাবে পেট্রোল মজুদ-বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রবাহ রিপোর্ট ঃ ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। বুধবার (০১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মো. রাশেদ মোল্লার মালিকানাধীন একটি দোকান ও সংলগ্ন গোডাউনে তল্লাশি চালানো হয়। অভিযানে পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রোল মজুদের প্রমাণ পাওয়া যায়। পরিমাপ করে দেখা যায়, সেখানে অনুমোদনহীনভাবে ২৪৫ লিটার পেট্রোল সংরক্ষণ করা হয়েছে, যা নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা সৃষ্টি করে। একই সঙ্গে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির সত্যতাও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৬ ধারায় অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদ- করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে। অভিযান শেষে জব্দ করা পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। এ সময় উপস্থিত স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানান। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



